সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন চতুষ্কোণ বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন ও খাদ্য সহায়তায় একটি মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। গতকাল বাঁশখালীর পুইছড়ি ও শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচির আওতায় ১৫টি বন্যাদুর্গত গৃহহীন পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন এবং ৫২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চতুষ্কোণের কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য, পরিচালনা পর্ষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এবং উপদেষ্টাম-লীর সদস্যবৃন্দ। তাঁরা সক্রিয়ভাবে কর্মসূচির সার্বিক বাস্তবায়নে অংশগ্রহণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পুনর্বাসন ও খাদ্য সহায়তা তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশের পাশাপাশি তাদের পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম করাই চতুষ্কোণের মূল লক্ষ্য। মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।এ মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে যাঁরা আর্থিক সহায়তা, শ্রম, সময় ও আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি চতুষ্কোণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানানো হয়েছে।
